জঙ্গি নাটকে হত্যাকাণ্ড

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জাতীয়
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫

২০১৬ সালে গাজীপুরে কথিত জঙ্গি অভিযানের নামে সাতজন নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট), বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন যুবককে বেআইনিভাবে আটক করা হয়। তারা অধিকাংশই মাদরাসার ছাত্র এবং ইসলামপন্থী চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন। পরে গাজীপুরের জয়দেবপুরে এক বাড়িতে তাদের ‘জঙ্গি নাটকের’ অংশ হিসেবে বাইরে থেকে তালা দিয়ে গুলি করে হত্যা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহতদের মধ্যে একজন, মাদরাসা ছাত্র ইব্রাহিমের বাবা আদালতে অভিযোগ দাখিল করলে প্রাথমিক তদন্ত শেষে এই মামলা গঠিত হয়।

যাদের বিরুদ্ধে পরোয়ানা:
  1. ড. মো. জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি ও তৎকালীন এসবি প্রধান

  2. মনিরুল ইসলাম, তৎকালীন সিটিটিসি প্রধান

  3. মো. হারুন অর রশীদ, তৎকালীন গাজীপুর মেট্রোপলিটন কমিশনার

  4. আরও দুইজন (পরিচয় গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে)

আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা বলছে, এ ঘটনায় উচ্চপর্যায়ের পরিকল্পনা এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছিল।