নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনও ধরনের সময় পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার সে লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই লক্ষ্যেই সব ধাপ মাথায় রেখে কাজ করছি।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর গুণগত মানের তেমন পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরেই নানা মন্তব্য করছে। তবে তা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন (ইসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে যেসব সুপারিশ এসেছে, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। “আগামী দুয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে,” বলেন তিনি।
তিনি আরও জানান, “আজ থেকেই প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে।”


