একাত্তরের অমীমাংসিত ইস্যু দু’বার সমাধান হয়েছে: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

জাতীয়
একাত্তরের অমীমাংসিত ইস্যু দু’বার সমাধান হয়েছে: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ও গণহত্যা–সংক্রান্ত অমীমাংসিত ইস্যুগুলো দুইবার সমাধান হয়েছে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

ইসহাক দার বলেন, “এই ইস্যুগুলোর একটি নিষ্পত্তি হয়েছিল ১৯৭৪ সালে। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে দ্বিতীয়বার এর সমাধান করেছেন। তাই এটি দুইবার সমাধান হয়েছে।”

তবে বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ, সম্পদের হিস্যা ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের মতো ইস্যুগুলোকে এখনো অমীমাংসিত বলে মনে করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুই দিনের সফরে ঢাকায় আসা ইসহাক দারের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এর মধ্যে রয়েছে—

  1. কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি,

  2. সাংস্কৃতিক বিনিময়,

  3. বাণিজ্য ও বিনিয়োগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন,

  4. ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা,

  5. সংবাদ সংস্থাগুলোর মধ্যে সমঝোতা,

  6. কৃষি ও মান নিয়ন্ত্রণ খাতে যৌথ গবেষণা।

বৈঠকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, সার্ককে পুনরায় সক্রিয় করা, জঙ্গিবাদ দমন ও প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশ বাণিজ্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকা সফরকালে ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে তিনি ড. মুহাম্মদ ইউনূস, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের পর এবারই প্রথম উচ্চপর্যায়ের এমন সফর অনুষ্ঠিত হচ্ছে। গত মাসেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন এবং বর্তমানে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও ঢাকায় অবস্থান করছেন। এতে করে দুই দেশের সম্পর্কে নতুন গতি আসার আভাস মিলছে।