ডিজিটাল মাধ্যমে ঋণদাতাদের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্মসহ ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ঋণদাতা অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো পৃথক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুমোদনহীন ঋণদাতা অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি অবৈধ ঋণদাতা অ্যাপের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তথ্য বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগকে জানাতেও বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, অনলাইনে পরিচালিত কিছু মোবাইল অ্যাপ উচ্চ সুদে ঋণ দেওয়ার কার্যক্রম চালাচ্ছে। এসব অ্যাপের মাধ্যমে ঋণ নিয়ে গ্রাহকেরা আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত এসব ডিজিটাল ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণের অংশ হিসেবেই পেমেন্ট সেবা বন্ধ এবং অ্যাপ সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে অনুমোদনহীন ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর অর্থ লেনদেনের সুযোগ সীমিত করার পাশাপাশি এসব প্ল্যাটফর্মের বিষয়ে গ্রাহকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


