ইউনূসের মার্কিন চুক্তির কারণে যেকোনো সরকারের দেশ চালানো কঠিন হবে: হাবিব
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা একটি চুক্তির কারণে পরবর্তী যেকোনো সরকারের জন্য দেশ পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া; সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি : জাতীয় স্বার্থে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস ফর সভরেন্টি।
হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ড. ইউনূস যে চুক্তি করে গেছেন, তার প্রভাব পরবর্তী সরকারের ওপর পড়বে। তার ভাষ্য, যত ভালো সরকারই ক্ষমতায় আসুক না কেন, ওই চুক্তির পরিপ্রেক্ষিতে দেশকে সামনে এগিয়ে নেওয়া সরকারের জন্য অত্যন্ত কঠিন হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার ভারতের কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি হতে পারে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি।
সংগঠনটির দাবি, ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রমের সঙ্গে ভারত ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে এনসিটি ইজারা দেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছে তারা।
স্টুডেন্টস ফর সভরেন্টির পক্ষ থেকে আরও দাবি করা হয়, এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হলে বাংলাদেশকে বছরে প্রায় ৯০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সংগঠনটি বলছে, দেশের বন্দর ও টার্মিনাল পরিচালনা শিল্প বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতা ও সক্ষমতা বাড়ানো হলে এ খাত থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিপুল পরিমাণ অর্থ যোগ করা সম্ভব।
সভায় বক্তারা এনসিটি ইজারা প্রক্রিয়ায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক প্রভাব এবং বন্দর পরিচালনায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।


