অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয়
অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুত শেষ হবে বলে তিনি আশা করছেন। এ বিষয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কুমিল্লার ঘটনাটি সারাদেশের মানুষকে মর্মাহত করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নিখোঁজ হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কিশোর অপরাধীর মতো বয়সের। তাদের সঙ্গে অপ্রতিমের ওঠাবসা ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের জন্য পুলিশের প্রশংসাও করেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধের পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে। মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক কারণও এর সঙ্গে যুক্ত থাকতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

স্কুলে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

সমাজে দীর্ঘদিন ধরে অবক্ষয় তৈরি হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সচেতন করতে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গুরুতর অপরাধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।