লঞ্চভাড়া বাড়ল, প্রথম ১০০ কিলোমিটারে ২৩ পয়সা
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জলপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই নতুন ভাড়া কার্যকর হবে। এদিন দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভাড়া সমন্বয়বিষয়ক সভা শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি গোলাম নবী এসব তথ্য জানান।
নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। অর্থাৎ এ অংশে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ২৩ পয়সা।
পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ অংশে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
এ ছাড়া জলপথে যাত্রী পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বাড়লেও লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ হারে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভাড়া সমন্বয় না করে বিকল্প ছিল না। যেকোনো মূল্যবৃদ্ধিই সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে। তবে সরকার যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বনিম্ন ভাড়ায় সর্বনিম্ন বৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
পরিবহনের অন্যান্য মাধ্যমের বিষয়ে সেতুমন্ত্রী জানান, সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ভাড়া আদায় পরিস্থিতি নজরদারিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা আগের নিয়মেই বহাল থাকবে বলে জানান মন্ত্রী।
রেলের ভাড়া নিয়ে শেখ রবিউল আলম বলেন, গত ১০ বছরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে ভাড়া বাড়ানোর চাপ থাকলেও এখনই রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না।
অর্থাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব যাত্রী পরিবহনের বিভিন্ন মাধ্যমে পড়লেও আপাতত রেল ও সিএনজিচালিত যানবাহনের ভাড়ায় নতুন করে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।


