লঞ্চভাড়া বাড়ল, সিএনজির ভাড়া বাড়ালে ব্যবস্থা: শেখ রবিউল আলম

জাতীয়
লঞ্চভাড়া বাড়ল, সিএনজির ভাড়া বাড়ালে ব্যবস্থা: শেখ রবিউল আলম
২৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বেড়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ও পরিচালন ব্যয় বাড়াসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নৌযান মালিকরা লঞ্চের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা হয়েছে।

এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। নতুন ভাড়া বুধবার থেকেই কার্যকর হয়েছে।

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিএনজির দাম বাড়ানো হয়নি। ফলে এ ধরনের যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, সিএনজিচালিত যানবাহনে কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়তে পারে।

তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপের বিষয়টি বিবেচনা করে আপাতত বর্তমান ভাড়া বহাল রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে রেলের ভাড়া না বাড়ানোর। ভবিষ্যতে কোনো পর্যায়ে ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সেটি যৌক্তিক হারে করা হবে। তবে এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।