প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চীনের রাষ্ট্রদূত হিসেবে ইয়াও ওয়েনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বিদায়ী সাক্ষাৎ করছেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।


