রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের

জাতীয়
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বাস্থ্যকেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে এবং ৫০ লাখ টাকার সহায়তা দিয়ে কার্যক্রম শুরু হলেও এটিই শেষ নয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে কারও আশ্রয়-প্রশ্রয় থাকলে তা তদন্ত করে দেখা প্রয়োজন। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, যাতে আর কোনো দুর্বৃত্ত দেশের কোথাও অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসাসেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়। ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত ও আইনগত কার্যক্রমও চলছে।