এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার না করার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার না করার আহ্বান রাষ্ট্রপতির
২৯ সেপ্টেম্বর ২০২৬

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও নতুন উদ্ভাবনে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জনকল্যাণে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টরসহ সম্ভাবনাময় প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এআইয়ের ব্যবহার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনিয়ন্ত্রিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মানুষের সৃজনশীলতা ও নিজস্ব চিন্তাশক্তি অক্ষুণ্ন রেখে এআই ব্যবহারে পরিমিতি বজায় রাখা প্রয়োজন।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নকে জনকল্যাণে কাজে লাগানোর পাশাপাশি এর ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক দিকগুলো নিয়েও সচেতন থাকতে হবে।

রাষ্ট্রপতি শিক্ষাব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।