জরুরি সেবায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

জাতীয়
জরুরি সেবায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
১ অক্টোবর ২০২৬

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থা মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

৩০ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশের তত্ত্বাবধানে পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের সমন্বয়ে কিউআরটি গঠন করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সদরদপ্তর বলেছে, আকস্মিক পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এসব টিম কাজ করবে।

এ ছাড়া কিউআরটির সদস্যদের নিয়ে নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ইউনিটের সদস্যদের যৌথভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হবে।

অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা-ফোর্সের সংখ্যা এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।