জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ইউপি নির্বাচন

জাতীয়
জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ইউপি নির্বাচন
১ অক্টোবর ২০২৬

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রমজানের আগে তিনটি ধাপে প্রায় ২ হাজার ইউপি নির্বাচন সম্পন্ন করার চিন্তা করা হচ্ছে। পরে রমজান ও এসএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে আবার নির্বাচন শুরু করে আগামী ৬ জুনের মধ্যে সব ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ বিষয়ে কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের নির্বাচন আয়োজন করা গেলে তার ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। নভেম্বর ও ডিসেম্বরে পাবলিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে বছরের শুরু থেকেই ইউপি নির্বাচন আয়োজনের চিন্তা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। নির্বাচনের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং বাকি প্রস্তুতিও ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

ইসি মাছউদ বলেন, রমজানের আগে একাধিক ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। রমজানের পর এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তাই তখনকার পরিস্থিতি ও পরীক্ষার সময়সূচি বিবেচনা করে পরবর্তী ধাপের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। জুনের মধ্যে সব ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, সাধারণভাবে ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের ভোট হলে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করতে হবে।

ইউপি নির্বাচন শেষ হওয়ার পর পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন আব্দুর রহমানেল মাছউদ। সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভায়ও পরিস্থিতি স্বাভাবিক থাকার বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। সে অনুযায়ী কমিশন প্রাথমিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

ইউপি নির্বাচনে শুরুতেই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছেন না বলেও জানান তিনি। প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পর পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানান এই নির্বাচন কমিশনার।

এদিকে দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামী ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন।

অন্যদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, জানুয়ারি থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হলে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ইউপি নির্বাচন সামনে রেখে সম্প্রতি ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬’-এর সংশোধিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, ইউপি চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট সমান হলে সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে পুনঃভোটের ব্যবস্থা করার বিধানও রাখা হয়েছে।

সব মিলিয়ে জানুয়ারির শুরু থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিলেও ভোটের সুনির্দিষ্ট সময়সূচি, ধাপের সংখ্যা ও তফসিলের তারিখ এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন।