রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

জাতীয়
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামবাহী চালান। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান নিয়ে দুপুর সাড়ে ১২টার পর গাড়িবহরটি রূপপুরে পৌঁছেছে।’

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইউরেনিয়াম পরিবহনের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সব কটি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানান, প্রকল্পের সব প্রস্তুতি নির্ধারিত সময়ে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।