ব্যাংকঋণের সুদ ১২-১৪ শতাংশ, স্বল্প সুদে অর্থায়নের উদ্যোগ

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

জাতীয়
উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
৩ অক্টোবর ২০২৬

উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ব্যবসা পরিচালনার চাপ কমিয়ে অর্থনীতিতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সভাটি আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, চেম্বার নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যাংকাররা অংশ নেন।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে। এ উচ্চ সুদহারে উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা ও সফল হওয়া কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়ে মোস্তাকুর রহমান বলেন, দেশের তরুণদের উৎসাহ ও অংশগ্রহণকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে ‘উদ্যোগ’ নামে একটি স্কিমের পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য রয়েছে।

তিনি জানান, ‘উদ্যোগ’ স্কিমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কৃষি খাতে ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগের কথাও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকৃত ও প্রান্তিক কৃষকদের আরও বেশি সুবিধা দিতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিকে গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন স্কিম নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ অর্থায়নের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো কৃষি মূল্যশৃঙ্খল আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।