সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
৪ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বঙ্গভবনের তথ্যেও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সবার ঐক্যের ফলেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দেশের হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ সম্প্রদায়ের কল্যাণে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাসের মধ্যেই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ও নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

দেশের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করে এগিয়ে নেওয়া কঠিন হলেও সরকার বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওড়াকান্দি পরিদর্শনের আমন্ত্রণ

সাক্ষাৎকালে মতুয়া মিশনের প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সেখানে যাওয়ার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সুবর্ণা সিকদার (ঠাকুর), উপদেষ্টা আহসান হাবিব অপু ও সমেন কুমার সাহা, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং খুলনা জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।