পে স্কেল: অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া

জাতীয়
পে স্কেল: অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া
৪ অক্টোবর ২০২৬

নতুন ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী অক্টোবর মাসের বেতনের সঙ্গেই গত তিন মাসের বকেয়া বা এরিয়ার অর্থ পেতে যাচ্ছেন। তবে পদমর্যাদা, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন ও কার্যকর তারিখের ওপর নির্ভর করে প্রত্যেকের বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২০ অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের পে ফিক্সেশন কার্যক্রম সম্পন্ন হবে সরকারি বেতন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম ‘আইবাস++’-এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনলাইনে পে ফিক্সেশনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ, পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি পদোন্নতি বা টাইম স্কেলের ক্ষেত্রে প্রয়োজনীয় অফিস আদেশ ও সংশ্লিষ্ট নথিও আপলোড করতে হবে।

পে ফিক্সেশন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হিসাবরক্ষণ কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণেরও উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন যে মূল বেতন কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন, তার ভিত্তিতেই নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করা হবে। নতুন ও পুরোনো বেতনের পার্থক্যের ৪০ শতাংশ সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং তা বকেয়াসহ পরিশোধ করা হবে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর ৭০ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে পূর্ণাঙ্গ নতুন মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়া অর্থও পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হবে।