নির্বাচিত সরকারকে সময় দিন, গণতন্ত্র শক্তিশালী হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয়
নির্বাচিত সরকারকে সময় দিন, গণতন্ত্র শক্তিশালী হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

৫ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচিত সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়িত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক পথে চলার সুযোগ তৈরি হয়েছে। এ ধারা যাতে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। এক মাস, এক বছর বা পাঁচ বছরে গণতন্ত্র পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায় না; বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ পথপরিক্রমার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময়ের পর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার পর অল্প সময়ের মধ্যেই সরকার পতনের কথা শোনা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়। নির্বাচিত সরকারকে আরেকটি নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, সরকারের সমালোচনা করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে সরকার পরিবর্তনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এ জন্য বিরোধী দলগুলোকে সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম আরও বলেন, ২০২৪ সালের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে অতীতে কর্তৃত্ববাদী শাসনের যে অভিজ্ঞতা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।