সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়
সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
৫ অক্টোবর ২০২৬

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে তাদেরও আরও উদ্যোগী হতে হবে। এ জন্য নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় তাদের বাস্তব প্রয়োজন ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।

এ সময় রাষ্ট্রপতি প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’

ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, নিজেদের অধিকার রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ভূমিসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তাদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন তিনি।