স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএ পেশাজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জাতীয়
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএ পেশাজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
৫ অক্টোবর ২০২৬

দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (সিএ) পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়ে। এ ক্ষেত্রে নিরীক্ষা ও হিসাব পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সাক্ষাৎকালে আইসিএবির প্রতিনিধিদল সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও পেশাগত কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে অংশ নেওয়ার আশ্বাস দেন।