ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন মেঘনায় নিষেধাজ্ঞা

জাতীয়
ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন মেঘনায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

৬ অক্টোবর ২০২৬

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদী এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এই সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতের পাশাপাশি নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে মেঘনা নদীনির্ভর নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজার। এর মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। তবে নিবন্ধিত ১১ হাজার ৮৫০ জেলে এখনো এ খাদ্য সহায়তার আওতায় আসেননি। পর্যায়ক্রমে তাদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিষেধাজ্ঞার আগে জেলেদের সচেতন করতে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারি সহায়তার জন্য সঠিক তালিকা তৈরি করে দ্রুত চাল বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা।

জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও নিবন্ধিত সব জেলে সরকারি খাদ্য সহায়তা পান না। নিষেধাজ্ঞার সময়ে জীবিকা বন্ধ থাকায় প্রকৃত জেলেদের তালিকা করে দ্রুত সহায়তা নিশ্চিত করার দাবি তাদের।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা গেলে নদীতে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।