সোমবার ইউপি নির্বাচনের ভোটের সময়সূচি জানাবে ইসি
সোমবার ইউপি নির্বাচনের ভোটের সময়সূচি জানাবে ইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউপি নির্বাচন শুরুর সময় এবং ধাপে ধাপে ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হবে।
ইউপি নির্বাচনের তফশিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ইসি সরাসরি তফশিল ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার তফশিল ঘোষণা করবেন। তবে কোন সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে জন্য কমিশন নির্দিষ্ট ‘স্লট’ নির্ধারণ করে দেবে।
তিনি বলেন, ইউপি নির্বাচন শুরুতেই যে সময়সীমার মধ্যে সম্পন্ন করার কথা জানানো হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপের ভোট শেষ করার বিষয়ে কমিশন আশাবাদী।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও কথা বলেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের পরিচালিত পোস্টাল ব্যালট কার্যক্রমও ছিল।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন আগে বিভিন্ন অংশীজনের জন্য যেসব সুপারিশ করেছিল, সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
সানাউল্লাহ বলেন, এসব সুপারিশ বাস্তবায়নে নির্বাচন কমিশনকে কীভাবে আরও সহযোগিতা করা যায়, সে বিষয়ে ইইউ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন। সহযোগিতার পরিধি বাড়িয়ে ইসি’র সঙ্গে কাজ করতে চাইলে কমিশন তা স্বাগত জানাবে।


