রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্পসংক্রান্ত জাতীয় কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন নোয়াখালীপাড়া ও রঙ্গিখালী পাহাড়ি এলাকায় ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে। এসব এলাকায় নিয়মিত অপহরণের ঘটনা ঘটে। সেনা ক্যাম্প স্থাপনের ফলে এ ধরনের অপরাধ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এপিবিএনের একজন ডিআইজি নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আইনশৃঙ্খলার বড় চ্যালেঞ্জ। সাধারণ অপরাধও ঘটছে। এপিবিএনের আইনগত কাঠামোয় সম্প্রতি তদন্তের সুযোগ রাখা হয়েছে। বাহিনীটির প্রায় ৪০০ সাব-ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাকে তদন্তের ক্ষমতা দেওয়ায় ক্যাম্পের অপরাধ তদন্তে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
ক্যাম্পের নিরাপত্তা জোরদারে নষ্ট হয়ে যাওয়া ফেন্সিং বা কাঁটাতার পুনর্নির্মাণের পাশাপাশি সৌরবিদ্যুৎচালিত আলোর ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট দূরত্ব পরপর সিসিটিভি ক্যামেরা এবং কন্ট্রোল ও ওয়াচ টাওয়ার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, যুদ্ধ বা সীমান্তে জরুরি পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনীর নেতৃত্বে একজন ব্রিগেডিয়ার জেনারেলের অধীনে কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ করা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি একটি পৃথক উচ্চপর্যায়ের কমিটি দেখছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও জাতিসংঘের নেতৃত্বে প্রত্যাবাসন সম্ভব বলে তারা আশাবাদী।
তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে দীর্ঘ সময় ধরে সংকট চলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। দ্রুত এ সমস্যা থেকে উত্তরণের আশা প্রকাশ করেন তিনি।
এদিকে রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগার স্থাপনের কোনো প্রস্তাব তার জানা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


