করোনায় ফের বাড়ছে উদ্বেগ, একদিনেই প্রাণ গেল ৫ জনের

অন্যান্য
করোনায় ফের বাড়ছে উদ্বেগ, একদিনেই প্রাণ গেল ৫ জনের
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন পাঁচজন। যা গত তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। সর্বশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর একদিনে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে। এ সময়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। বাকি দুজনের একজন ঢাকা এবং অপরজন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তসহ এ বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। আর করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৫১৫ জনের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বছর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন। যার মধ্যে ৭ জন পুরুষ ও ৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন ৪০ বছরের বেশি বয়সী।

বর্তমানে দেশের করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

এর আগের দিন (২১ জুন) ২১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয় এবং মৃত্যু হয় দুইজনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য বিভাগ। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়েছিল।