শেখ পরিবারের ক্ষমতা হারানো: কে কোথায় আছেন এখন?
গত কয়েক দশক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রে ছিল শেখ পরিবার। মেগা প্রকল্প থেকে শুরু করে বড় বড় টেন্ডার, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, ক্যাসিনো ব্যবসা—সবকিছু নিয়ন্ত্রণ করতেন এই পরিবার। দলীয় ও সরকারি গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের অধিকাংশ সদস্য। তাদের নিয়ন্ত্রণেই ছিল রাষ্ট্রীয় ব্যবস্থার বহু দিক, আর তারা গড়ে তুলেছিলেন বিশাল সম্পদের পাহাড়।
কিন্তু গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শেখ পরিবারের অধিকাংশ সদস্যের অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বহু সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ আছেন ভারতে, কেউ আবার যুক্তরাষ্ট্র ও ইউরোপে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে এবং সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত সরকারবিরোধী বক্তব্য রাখছেন।
শেখ রেহানা দীর্ঘদিন লন্ডনে বসবাস করলেও শাসনামলে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং দুর্নীতি মামলায় তদন্তের মুখে রয়েছেন।
সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আছেন; সেখানে তার নামে রয়েছে বিলাসবহুল আবাসন ও ব্যবসা। বিভিন্ন সময় ফেসবুকে তিনি সরব থাকলেও এখন কিছুটা সর্তক হয়েছেন।
সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে ভারতে আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা হলেও দুর্নীতির অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
শেখ পরিবারের অন্যান্য সদস্যরা ভারতের পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে অবস্থান করছে বলে জানা গেছে। এইসব জায়গায় তারা সম্পদ জমিয়ে রেখেছেন, যার বিরুদ্ধে তদন্ত চলছে।
শেখ পরিবারের পতনের পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে তারা অদৃশ্য হলেও তাদের অর্থনৈতিক প্রভাব এখনও পুরোপুরি কমেনি। দেশ ও বিদেশে তাদের সম্পদের খোঁজ নিয়ে বিভিন্ন অনুসন্ধান চলছে।


