পার্লার থেকে ভয়াবহ অসুখের ঝুঁকি? তরুণীদের সতর্ক করে যা জানালেন চিকিৎসক
ফ্যাশন ও সৌন্দর্য চর্চার অংশ হিসেবে ভ্রু থ্রেডিং আজকাল অনেক নারীর রুটিনে পরিণত হয়েছে। তবে পার্লারে এই সাধারণ সেবাই হয়ে উঠতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ—বিশেষ করে লিভার সমস্যার! চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভ্রু থ্রেডিং করলে হেপাটাইটিস বি ও সি-র মতো ভয়াবহ ভাইরাল ইনফেকশনের আশঙ্কা বাড়ে।
ভারতের চিকিৎসক ডা. অদিতি দামিজা সম্প্রতি সংবাদমাধ্যমে জানান, ২৮ বছর বয়সী এক তরুণী পার্লারে গিয়ে ভ্রু থ্রেডিং করানোর পর থেকেই অজানা কারণে লিভার জটিলতায় ভুগতে শুরু করেন। দীর্ঘ পরীক্ষার পর ধরা পড়ে তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের ধারণা, থ্রেডিংয়ের সময় ব্যবহৃত সুতার মাধ্যমেই ভাইরাসটি সংক্রমিত হয়েছে।
অনেক পার্লারে একই থ্রেড একাধিক গ্রাহকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় ত্বক ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত হয়, আর তখনই ছড়িয়ে পড়তে পারে ভয়ংকর সংক্রামক রোগ। মূলত স্যানিটেশন ও জীবাণুনিয়ন্ত্রণে ঘাটতির কারণেই এ ধরনের বিপদের ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞদের সতর্কতা ও পরামর্শ
চিকিৎসকরা বলছেন, হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তের মাধ্যমে ছড়াতে পারে। ত্বক কাটা গেলে সংক্রমণের সুযোগ তৈরি হয়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো লক্ষণ দেখা না দিলেও বছরখানেক বা তার বেশি সময় পরে জটিলতা দেখা দিতে পারে। হঠাৎ করে ক্লান্তিভাব, চোখ ও প্রস্রাব হলুদ হয়ে যাওয়া—এগুলো হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে।
সতর্কতা অবলম্বন করতে যা করবেন:
-
পার্লারে যাওয়ার সময় নিজের সুতাটি নিজেই বহন করুন।
-
নিশ্চিত হোন যে থ্রেডটি একবার ব্যবহৃত ও জীবাণুমুক্ত।
-
কর্মীকে হ্যান্ড গ্লাভস পরার কথা বলুন।
-
নিয়মিত হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থাকুন।
-
ভ্রু থ্রেডিংয়ের পর অস্বাভাবিক কিছু অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সৌন্দর্য চর্চা নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে সচেতন না হলে সেই চর্চা থেকে জন্ম নিতে পারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। তাই ভ্রু থ্রেডিংয়ের মতো সাধারণ একটি কাজের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।


