অক্টোবর থেকে কার্যকর হার্টের রিংয়ের নতুন দাম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আগামী ১ অক্টোবর থেকে দেশের স্টেন্টসহ গুরুত্বপূর্ণ হৃদরোগ চিকিৎসার যন্ত্রপাতির নতুন দাম ঘোষণা করেছে। ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ডা. মো. আকতার হোসেন মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেডিকেল সংলগ্ন স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
জীবন রক্ষাকারী স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারের মূল্য নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে বাজার বিশ্লেষণ করে দর পুনর্নির্ধারণ করেছে। বিশেষজ্ঞ কার্ডিয়াক ও নিউরো সার্জনের সমন্বয়ে গঠিত কমিটি প্রতিবেশী দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে স্থানীয় ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে।
ডা. আকতার হোসেন জানান, নতুন দাম বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং হার্টের চিকিৎসায় ব্যবহৃত ডিভাইসের সহজলভ্যতা বৃদ্ধি পাবে। তবে কিছু আমদানিকারক পুরানো দামের পণ্য মজুদ থাকার কারণে কার্যকর করতে সময় চান। সরকার এই অনুরোধ বিবেচনা করলেও জনস্বার্থের কারণে ১ অক্টোবরের পর থেকে নতুন দাম কার্যকর হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত মূল্য পুনর্নির্ধারণের মাধ্যমে দেশের হৃদরোগ চিকিৎসা খাতে স্বচ্ছতা ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত হবে। পাশাপাশি অন্যান্য মেডিকেল যন্ত্রের দামও পর্যায়ক্রমে সমন্বয় করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।


