যান্ত্রিক ত্রুটিতে বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দুই-তিনদিন লোডশেডিং চলতে পারে
দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক সমস্যার কারণে আগামী কয়েকদিন সারাদেশে লোডশেডিং বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিপিডিবি জানায়, বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ঘাটতি দেখা দিয়েছে। ফলে আগামী দুই থেকে তিনদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি সাময়িক এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।
এ ধরনের জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিপিডিবি বলেছে, “বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সাময়িক এই অসুবিধা মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কাম্য।”
বর্ধিত লোডশেডিংয়ের ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে অফিস, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে।


