পরাজয়ের পরও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের

অন্যান্য
পরাজয়ের পরও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের
নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। তবে ফলাফল যাই হোক, তিনি থেমে যাচ্ছেন না—নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন এই ছাত্রনেতা।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আবিদ লিখেছেন,

“আমার যাত্রা এখানেই শেষ নয়, আরও অনেক পথ বাকি। আমি এখনও ছাত্রদলের একজন কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পক্ষে কথা বলব, কাজ করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আবিদ জানান, ভোটের দিন তাকে “মিডিয়ার অপপ্রচার” দিয়ে দিন শুরু করতে হয়। এরপর কেন্দ্রগুলোতে একের পর এক অনিয়মের অভিযোগ পান, যা সারাদিন ধরে তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মাত্র ২০ দিনের প্রচারণায় সর্বোচ্চ চেষ্টা করলেও সবাইকে পৌঁছাতে না পারার আক্ষেপ প্রকাশ করে আবিদ লেখেন,

“জীবন আমাকে সময় দেয়নি অনেক কিছু করার। তবুও আমি চেষ্টা করেছি, ছুটে গেছি শিক্ষার্থীদের কাছে, তাদের কথা শুনেছি।”

তিনি আরও বলেন, মানুষ হিসেবে কেউই পরিপূর্ণ নন, কিন্তু আন্তরিকতা থাকলে পরিবর্তন আনা সম্ভব।

নির্বাচনে হারলেও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি। আবিদ বলেন,

“আমার ইশতেহারের প্রতিটি দাবি আদায় করতে একজন ছাত্রনেতা হিসেবে প্রশাসনের সঙ্গে আলোচনা, দরকার হলে আন্দোলন—সবই করব। আমরা ইতিবাচক ছাত্র রাজনীতির নতুন ধারা গড়ে তুলতে চাই।”

পোস্টের শেষাংশে আবিদ মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি উদ্ধৃত করেন:

“আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু কখনই অসীম আশা হারানো যাবে না।”