জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, ভোট বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের

অন্যান্য
জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, ভোট বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘ভোট কারচুপির’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেয় তারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্রতিনিধিরা অভিযোগ করেন,

“অধিকাংশ কেন্দ্রে অমুছনীয় কালি ব্যবহার না করায় একজন ভোটার একাধিকবার ভোট দিতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও নির্বাচনী পরিবেশ পুরোপুরি অবাধ ও সুষ্ঠু ছিল না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাদের দাবি, এই অনিয়মের মাধ্যমে একটি বিশেষ প্যানেলকে বিজয়ী করার চেষ্টা চলছে, যা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

বৃহত্তম ছাত্রী হল ‘তারামন বিবি হলে’ ৯৮৩ জন ভোটার রয়েছেন এবং বৃহত্তম ছাত্র হল ‘জাতীয় কবি নজরুল হলে’ ভোটার সংখ্যা ৯৯২।

জাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে বামপন্থী, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট ৮টি প্যানেল।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে-বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ছাত্রদলের ভোট বর্জনের কারণে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।