চাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিল চবি ছাত্রদল

অন্যান্য
চাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিল চবি ছাত্রদল
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা বিভিন্ন পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান সাংবাদিকদের বলেন, “আমরা চাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়ন নিয়েছি। এখনো প্যানেল বা জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের দিকনির্দেশনা অনুযায়ী সেটি পরে জানানো হবে।”

এদিকে, চাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ৮ জন, জিএস পদে ২ জন এবং এজিএস পদে ২ জন আছেন। মঙ্গলবার কতজন মনোনয়ন নিয়েছেন, তা এখনও কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি।