“ঐক্যবদ্ধ থাকলে হাসিনার মতো কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না” —সোহরাওয়ার্দীতে সারজিস আলম

রাজনীতি
“ঐক্যবদ্ধ থাকলে হাসিনার মতো কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না” —সোহরাওয়ার্দীতে সারজিস আলম
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, “যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব, ততদিন বাংলাদেশে আর কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না।”

তিনি ‘চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে’ সামনে রেখে বলেন, “আমরা রাষ্ট্র সংস্কার, খুনিদের বিচার ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। কাজের মাধ্যমে জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

বক্তব্যে সারজিস আলম বলেন, “রাজনৈতিক কর্মসূচি অবশ্যই জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিচালিত হওয়া উচিত। সমাবেশ করতে হবে, তবে জনদুর্ভোগ যাতে না হয় তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, “বিগত সময়ে শুধু পোশাক বা চেহারার কারণে অনেক ধর্মপ্রাণ নাগরিককে হয়রানির শিকার হতে হয়েছে। আগামী দিনে আমরা এসব অন্যায়েরও প্রতিকার চাই।”

তিনি আরও বলেন, “আমরা যদি এক থাকি, তবে কারও পক্ষে জনগণকে আর দমন করা সম্ভব হবে না। যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখে কিংবা জনগণের রায় অমান্য করে, তারা ইতিহাসে টিকে থাকতে পারবে না।”

গত ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন করে সমাবেশ ও জোট গঠনের তৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই মহাসমাবেশে অংশ নিয়ে বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা ঐক্যের বার্তা দিয়েছেন।