৩৫ বছর পর বিএনপির অবস্থানে পরিবর্তন

রাজনীতি
৩৫ বছর পর বিএনপির অবস্থানে পরিবর্তন
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

দীর্ঘ ৩৫ বছর পর বিএনপি তাদের দীর্ঘস্থায়ী অবস্থান থেকে সরে এসে উপজেলা পর্যায়ে আদালত পুনরায় চালুর প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালে জাতীয় ঐকমত্যের অংশ হিসেবে বিএনপি উপজেলা পর্যায়ের আদালত বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন ও দেশের নতুন চাহিদা অনুযায়ী তারা পুনরায় উপজেলা আদালত সম্প্রসারণের প্রস্তাবকে সমর্থন জানাচ্ছে।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি জানান, বর্তমানে দেশে ৬৭টি চৌকি আদালত এবং দ্বীপাঞ্চলীয় আদালত রয়েছে যা আগের সিদ্ধান্তেরই ফলাফল। তবে আজকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আলোকে আদালত সম্প্রসারণ অপরিহার্য।

অপরদিকে, বিএনপি জরুরি অবস্থার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি প্রদান করেছে। তবে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা পরবর্তী নির্বাচিত সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “মানবাধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত জটিল এবং জরুরি অবস্থার সময় আরও সংবেদনশীল হয়। তাই এর বিস্তারিত আলোচনা জাতীয় সংসদে হওয়া উচিত।”

বিএনপি পক্ষ থেকে আদালত সম্প্রসারণের প্রস্তাবের সঙ্গে কিছু সংশোধনী ও সংযোজনের দাবি জানানো হয়েছে এবং হাইকোর্টের সঙ্গে আলোচনার জন্যও অনুরোধ করা হয়েছে।

এই পরিবর্তন বিএনপির দীর্ঘদিনের অবস্থানের একটি বড় ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের প্রশাসনিক ও বিচার ব্যবস্থার আধুনিকীকরণের অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।