সতর্ক অবস্থানে বিএনপি, ‘ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিচ্ছে’

রাজনীতি
সতর্ক অবস্থানে বিএনপি, ‘ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিচ্ছে’
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৫

রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের আশঙ্কা করছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

দলের নীতিনির্ধারকরা বলছেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বরং অদৃশ্য একটি শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে নানা অপকৌশল নিয়েছে।”

বিএনপি নেতাদের অভিযোগ, মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় তাদের জড়িত করার অপচেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের ছবি ও তথ্য ভাইরাল হলেও, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলের শীর্ষ নেতারা বলছেন, “এই ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপিকে দায়ী করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে।” এসব ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির ইঙ্গিত দেয়। গণতন্ত্র না থাকায় এই অঘটনগুলো ঘটছে। নির্বাচনের মধ্য দিয়েই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে।”

বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, “যেকোনো নেতার বিরুদ্ধে অভিযোগ এলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাদের ওপর দায় চাপিয়ে যাচ্ছে, যা একটি ‘অপরাজনৈতিক চর্চা’। এ ধরনের মব সন্ত্রাস ও অপপ্রচার কঠোরভাবে দমন করতে হবে।”

রাজধানীসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

  1. ছাত্রদল: সোমবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।

  2. যুবদল: বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিক্ষোভ মিছিল এবং সারা দেশে একযোগে বিক্ষোভ।

এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “তারেক রহমানসহ দলের ওপর এখন পরিকল্পিতভাবে সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এর পেছনে আছে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্র।”

তিনি বলেন, “বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। অতীতেও দলটি বারবার উঠে এসেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।”

 বিএনপি’র সর্বোচ্চ সতর্কবার্তা ও কর্মসূচির মাধ্যমে বোঝা যাচ্ছে, দলটি নিজেকে রাজনৈতিক চক্রান্তের কেন্দ্রবিন্দুতে মনে করছে। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।