তারেক রহমানের সমালোচকদের ‘গণতন্ত্রের শত্রু’ বললেন মির্জা ফখরুল

রাজনীতি
তারেক রহমানের সমালোচকদের ‘গণতন্ত্রের শত্রু’ বললেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলেন, তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “যারা আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা শুধু ব্যক্তি নয়, গণতন্ত্র ও জনগণেরও শত্রু। তারা এ দেশের ভবিষ্যৎ বিপন্ন করতে চায়।”

তিনি আরও বলেন, “আমি ধিক্কার জানাচ্ছি সেই তথাকথিত রাজনৈতিক নেতাদের, যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় কথা বলছেন। আমরা এই ধরনের রাজনৈতিক অসভ্যতা প্রত্যাখ্যান করি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তারা যদি অশ্লীল ভাষায় আক্রমণ করে, তবু আমরা প্রতিশোধে অশ্লীলতায় যাব না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি ভিন্ন। তাদের কটুক্তিতে আমরা ছোট হই না—ছোট হয় তারাই।”

বিএনপি মহাসচিব বলেন, “১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার। আমরা লাঞ্ছিত হয়েছি, গ্রেপ্তার-নির্যাতনের শিকার হয়েছি। তবু আমাদের ঐক্য ভাঙেনি। সেই ঐক্য নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে পথ চলছি।”

তিনি সব ‘দেশপ্রেমিক রাজনৈতিক দল’কে একত্রিত হয়ে গণতন্ত্রের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ছাত্রদল নেতা লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে হত্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। কারা এ ঘটনার পেছনে রয়েছে—তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যাচার’ এবং লালচাঁদ সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি (উত্তর-দক্ষিণ)।
ফকিরেরপুল থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গেল মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। অংশগ্রহণ করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।