জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ইঙ্গিত এনসিপির

রাজনীতি
জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যানের ইঙ্গিত এনসিপির
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদে সই করতে হলে নির্বাচনের আগেই আলোচনায় ঐকমত্য হওয়া সংস্কারগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। অন্যথায় দলটি এই সনদ গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে বিরতির সময় গণমাধ্যমে এ কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

তিনি বলেন, “আমরা চাই আইনি ভিত্তি। রাজনৈতিক সমঝোতা কাগজে-কলমে থাকলে হবে না, তার বাস্তব রূপ দরকার। নির্বাচনের আগে যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলোর বাস্তবায়ন আইনি কাঠামোর মধ্য দিয়েই নিশ্চিত করতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে অসন্তোষ জানিয়ে জাভেদ রাসিন বলেন, “কমিশনের আলোচনায় ৬টি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কথা থাকলেও তা উপেক্ষা করে হঠাৎ খসড়া সনদ প্রকাশ করা হয়েছে। এটা সঠিক কাজ হয়নি, আমরা এর তীব্র বিরোধিতা করছি।”

তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়েও এনসিপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে বলে জানান তিনি। “র‍্যাংক চয়েজ” পদ্ধতির মাধ্যমে সাত সদস্যের একটি নির্বাচনকালীন কমিটির প্রস্তাব এসেছে, যাতে বিচার বিভাগ থেকেও সদস্য থাকবে। “আমরা এই প্রস্তাবকে সমর্থন করেছি এবং বেশিরভাগ রাজনৈতিক দলও একমত হয়েছে,” বলেন জাভেদ রাসিন।

তিনি আরও বলেন, “যেসব মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া দেশে ফ্যাসিবাদী রাজনীতির অবসান সম্ভব নয়, সেগুলোর বাস্তবায়ন ছাড়া এনসিপি এই সনদে সই করবে কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে তা মানার প্রশ্নই আসে না।”

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩০টির বেশি রাজনৈতিক দলের মধ্যে এনসিপি অন্যতম সক্রিয় দল হিসেবে কাজ করছে। সংলাপ শেষ হওয়ার আগে কমিশনের প্রতি বাস্তবিক ও আইনি নিশ্চয়তার দাবি জানানো দলটির পক্ষ থেকে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।