সময় এখন কাজের, ভয় নয় — হাসনাত আবদুল্লাহ
জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও কেবল কথার সীমায় থাকলে চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি বলেন, “এখন থেকে সময় কাজের, ভয় নয়।”
সমাবেশে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ বলেন,
“আমরা এক বছর ধরে বলেছি, এবার আমরা দেখাবো। রূপসা থেকে পাথরিয়া—দেশের যে প্রান্তেই হোক না কেন, এনসিপির কর্মীদের ভয় দেখানো হলে আমরা রাজনৈতিকভাবে জবাব দেবো। হুমকি-ধমকি আর সহ্য করা হবে না।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব যে নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করবো। প্রয়োজনে জীবন দেবো, কিন্তু পেছাবো না।”
হাসনাতের বক্তব্যে স্পষ্ট ছিল রাজনৈতিক প্রতিরোধের সুর। তিনি বলেন,
“অনেক এলাকায় আমাদের কর্মীদের থামিয়ে দিতে চাওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এনসিপিকে দমিয়ে রাখা যাবে না।”
সমাবেশের শেষদিকে হাসনাত আবদুল্লাহ বলেন,
“আমাদের স্বপ্ন একটি মানবিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র। এই স্বপ্ন থেমে থাকবে না, লড়াই চলবেই।”
জুলাই আন্দোলনের বর্ষপূর্তির অংশ হিসেবে এনসিপি রাজধানীতে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই সমাবেশে নতুন ইশতেহার ঘোষণা ছাড়াও ছিল সাংগঠনিক বার্তা ও রাজনৈতিক দৃঢ়তা প্রকাশের আয়োজন।


