সুযোগ পেলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত: ডা. তাহের

রাজনীতি
সুযোগ পেলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত: ডা. তাহের
নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীতে রাজধানীর মহাখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সমাবেশে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল। কাজেই একে কেন্দ্র করে কোনো বিভেদ তৈরির সুযোগ নেই।”

সকালে মহাখালী কলেরা হাসপাতালের সামনে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আমরা যদি সুযোগ পাই, দেশের ৫৪ বছরের ইতিহাস বদলে দিতে পারব। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাব। মন্ত্রী বা এমপিদের কোনো ধরনের লোভনীয় সুবিধা আমরা রাখব না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. তাহের বর্তমান নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে বলেন, “সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ এবং প্রহসনের মতো। এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “যারা জনসমর্থন ছাড়া মাস্তানি ও অর্থ দিয়ে নির্বাচন জিততে চান, তারা গণতন্ত্রের শত্রু। আমরা এমন নির্বাচনী সংস্কার চাই, যেখানে কেন্দ্র দখল, ভোট ডাকাতি আর থাকবে না।”

সমাবেশে বক্তব্যে তিনি ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় প্রাণ হারানো মানুষদের স্মরণ করে বলেন, “আপনি আজ ক্ষমতায়, কিন্তু যে রক্তের ওপর দাঁড়িয়ে আছেন তা আমাদের শহীদদের। সেই রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্বাচনব্যবস্থা সংস্কার করতে হবে।”

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “কেবল নির্বাচন আয়োজন করলেই হবে না—প্রয়োজন রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার। না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”

জামায়াতের নেতারা এ সময় জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন,

“আমাদের মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, প্লট নেবেন না। জনগণের টাকায় বিলাসিতা নয়—জবাবদিহিতামূলক সরকারই আমাদের লক্ষ্য।”

সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. মুহাম্মদ রেজাউল করিম, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ। গণমিছিলটি মহাখালী রেলগেট থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।