নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করি না: মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি সবসময়ই নির্বাচনকেই গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ হিসেবে দেখে এসেছে।
বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করি না।”
বিএনপি মনে করে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণাটি রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠার একটি ঐতিহাসিক পদক্ষেপ।
মির্জা ফখরুল বলেন, “গোটা জাতি মনে করে, দ্রুত নির্বাচনই এখন একমাত্র পথ। যা দিয়ে আমরা সংকট থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যাবো।”
তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি সব রাজনৈতিক দল ও জনগণকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “যারা হতাশ হয়েছে, তারা সারাজীবন হতাশ থাকে। আমরা আশা করি সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় উত্তরণের পথে এগিয়ে আসবে।”
গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “তাদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত।”
দীর্ঘদিনের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল।


