পিআর পদ্ধতি ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: তাহের
জুলাই ঘোষণাপত্রে দেওয়া নির্বাচনের সম্ভাব্য সময় ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাকে ‘আশাব্যঞ্জক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি বলেছে, নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ঘাটতি রয়ে গেছে।
বুধবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সময়সূচি ঘোষণা করা হতো, তবে সেটি আরও গ্রহণযোগ্য হতো।”
ঘোষণাপত্রকে ‘অসম্পূর্ণ’ আখ্যায়িত করে তাহের বলেন, “জুলাই ঘোষণায় জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। সনদে যেসব বিষয় এসেছে, তার আইনি কাঠামো ও নিশ্চয়তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।”
তিনি আরও বলেন, “জাতি আজ একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সে লক্ষ্যে ‘পিআর পদ্ধতি’ (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ভোট পদ্ধতি) ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
সংস্কার ও গণহত্যার বিচারের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াতের এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণতান্ত্রিক সংস্কার ও ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থার দাবি মানা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে জামায়াতে ইসলামী।”
উল্লেখ্য, জুলাইয়ে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব আসে। এরপর দেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাতে শুরু করে।


