গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে: নুরুল হক নুর

রাজনীতি
গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে: নুরুল হক নুর
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কৃতিত্ব আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের আত্মত্যাগকে পুঁজি করে কেউ কেউ রাজনীতি ও ক্ষমতার দখলদারিতে মেতে উঠেছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সে “জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া” শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নুর বলেন, “১৩৩ শিশুর মৃত্যু নিয়ে যেভাবে নীরবতা, তা অত্যন্ত দুঃখজনক। তারা কোনো দলের কর্মী ছিল না, ছিল সাধারণ মানুষ। অথচ তাদের আত্মত্যাগের প্রতিদান এখন রাজনীতির বাজারে বিক্রি হচ্ছে। নেতা, মন্ত্রীদের পরিবারের কেউ তো মরেনি, মরেছে জনগণ।”

তিনি বলেন, “আজ অনেকেই হঠাৎ হিরো হয়ে গেছেন। অথচ যারা দিনের পর দিন সংগ্রাম করেছে, রাজপথে থেকেছে—তাদের ত্যাগ যেন উপেক্ষিত। সরকারের ছায়ায় এবং উপদেষ্টা পরিষদের সুবিধা নিয়ে ‘কিংস পার্টি’ গঠন করে তরুণদের বিপথে ঠেলে দেওয়া হচ্ছে।”

নুর আরও বলেন, “চাঁদাবাজি, তদবির আর ক্ষমতার ভাগ-বাটোয়ারায় রাজনীতি আজ কলুষিত। এই রাজনীতি আমাদের স্বপ্নের বিপরীতে দাঁড়িয়েছে। যারা তরুণদের স্বপ্ন দেখিয়েছিল, তারাই এখন সেই স্বপ্ন ভেঙে দিচ্ছে।”

তিনি সরকারের ঘোষিত নির্বাচনের সময়সূচিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, “স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখন প্রয়োজন প্রশাসনিক পুনর্গঠন এবং সৎ ও পেশাদার অফিসার দিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।”