তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

রাজনীতি
তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন, সরকার গঠন এবং আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি জানান, “আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন বাংলাদেশের রাজনীতির দিকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আগামী নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটেই আলোচনার প্রয়োজন দেখা দেয়।”

তিনি আরও বলেন, “বিএনপির নির্বাচনী পরিকল্পনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে আন্তর্জাতিক ভূমিকা এবং সম্ভাব্য ক্ষমতা কাঠামো—এই বিষয়গুলোই ছিল মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখযোগ্যভাবে, গত ১৩ জুন তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। ধারাবাহিক এই কূটনৈতিক সংযোগকে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছে বিশ্লেষকরা।

হুমায়ুন কবীর আরও ইঙ্গিত দেন, দেশের রাজনৈতিক উত্তাপের মাঝে বছর শেষের আগেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।