সাতকানিয়ায় এনসিপি নেতার পদত্যাগ, অভিযোগ ‘একক সিদ্ধান্তে কমিটি গঠন’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন)। শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মাসুদ অভিযোগ করেন, এনসিপির সাতকানিয়া উপজেলা কমিটি গঠনে কোনো ধরনের আলোচনা বা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তার ভাষায়, “একজনের একক সিদ্ধান্তে এবং পূর্ব অবগতির কোনো ধারা না মেনে আমাকে একটি পদে বসানো হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ও মূল্যবোধের পরিপন্থী।”
তিনি আরও লিখেছেন, “কমিটিতে আমাকে প্রধান সমন্বয়কারী করার কথা বলা হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় আমাকে রাখা হয়েছে যুগ্ম সমন্বয়কারী হিসেবে— যা দলীয় আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।”
পেশায় একজন মাদ্রাসা শিক্ষক মাসুদ শুরু থেকেই এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দাবি করেন, দলটি পুরোনো ধাঁচের রাজনীতি চর্চা করছে যেখানে আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাচ্ছে যোগ্যতার চেয়ে।
এদিকে এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন এক প্রতিক্রিয়ায় বলেন, “এ ইউ মাসুদের বিষয়ে কমিটি ঘোষণার পর নানা অভিযোগ উঠে আসে। তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন— এমন অভিযোগ ছিল। কমিটির অন্যান্য সদস্যরাও তার সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন।”
তিনি আরও বলেন, “পদ বণ্টনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলেছে— এমন অভিযোগ ভিত্তিহীন।”
এনসিপির রাজনীতিতে নতুন করে নেতৃত্ব সংকট ও সাংগঠনিক সমন্বয় ঘাটতির ইঙ্গিত দিচ্ছে মাসুদের এই পদত্যাগ। দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে আরও প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল নেতাকর্মীরা।


