অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট ইসলামী আন্দোলন, তবে সন্ত্রাস দমনে চায় কঠোরতা

রাজনীতি
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট ইসলামী আন্দোলন, তবে সন্ত্রাস দমনে চায় কঠোরতা
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সামগ্রিকভাবে সঠিক পথে থাকলেও সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি মনে করেন, এসব দুর্বলতা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “সরকার প্রশাসনিক ও নির্বাচনী সংস্কারে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। বরং অপরাধ ও সহিংসতা বেড়েছে, যা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।”

মাওলানা ইউনুস আহমদ বলেন, “পুলিশ বাহিনীর বড় অংশ এখনো আগের সরকারের সময়কার নিয়োগপ্রাপ্ত, যাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন আসেনি। অনেক দাগি কর্মকর্তা এখনও বহাল রয়েছে। পুলিশ বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, এক বছরের সময় পেলেও আইন-শৃঙ্খলা বাহিনীর ভেতরে কাঠামোগত কোনো বড় পরিবর্তন আনা হয়নি, বরং বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

তিনি বলেন, “ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের মজুত পাওয়া যেমন উদ্বেগজনক, তেমনি এর পেছনে কারা আছে তা উদঘাটন করা জরুরি। সরকারকে এখনই কঠোর অবস্থান নিতে হবে। নইলে এ ধরনের ঘটনা নির্বাচনকালীন সময়ে বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে।”

মহাসচিব ভারতের ভূমিকাতেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ভারত এবং তাদের সহযোগীরা আবার অস্থিরতা সৃষ্টি করতে পারে। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বিবৃতিতে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে উপস্থিতি প্রশংসা করলেও তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে শুধু সেনাবাহিনী মাঠে থাকলেই হবে না, সরকারকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সমন্বয় করে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”