মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপি নেতাদের বৈঠক
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে আলোচিত সাক্ষাতের রেশ কাটতে না কাটতেই এবার গুলশানে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এ মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।
কারা ছিলেন বৈঠকে?
যুক্তরাষ্ট্রের পক্ষে:
-
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন
-
পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান
এনসিপির পক্ষে:
-
আহ্বায়ক নাহিদ ইসলাম
-
সদস্য সচিব আখতার হোসেন
-
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
-
যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা, অংশগ্রহণমূলক নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এনসিপি নেতারা জানান, তারা একটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে কাজ করতে আগ্রহী এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে গত ৫ আগস্ট কক্সবাজারে ‘গোপন বৈঠক’ নিয়ে আলোচনায় এসেছিলেন এনসিপির পাঁচ নেতা। সেদিন ‘জুলাই অভ্যুত্থানবার্ষিকী’ উপলক্ষে তারা হঠাৎ কক্সবাজারে যান।
গুঞ্জন ওঠে, ওইদিন সি পার্ল রিসোর্টে তাদের সঙ্গে বৈঠক করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যদিও এনসিপি নেতারা বিষয়টি সরাসরি অস্বীকার করেন। দলের ভেতরে অসন্তোষ তৈরি হওয়ায় পাঁচ নেতার বিরুদ্ধে শোকজও জারি করা হয়।


