খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা, কেক কাটায় নিষেধাজ্ঞা

রাজনীতি
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা, কেক কাটায় নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) সারাদেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে জন্মদিন উপলক্ষে কেক কাটার মতো আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকতে বলা হয়েছে নেতাকর্মীদের।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেগম জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হবে। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মসজিদে এই দোয়া মাহফিলে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিজভী বলেন, “আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে কোনো উৎসব নয়, বরং তাঁর সুস্থতা এবং দেশের জন্য দোয়া করাই হবে প্রধান উদ্দেশ্য। তাই কেক কাটা কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে দল।”

দলীয় সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি চাইছে শান্তিপূর্ণ ও রুহানি পরিবেশে জন্মদিন পালন করতে। এছাড়া এই দিনটি (১৫ আগস্ট) জাতির ইতিহাসে শোকাবহ দিন হিসেবে বিবেচিত হওয়ায় আনুষ্ঠানিকতা সীমিত রাখার বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেক কাটা থেকে বিরত থাকার সিদ্ধান্ত বিএনপির একটি কৌশলগত অবস্থান, যেখানে দলটি নিজেদের দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে তুলে ধরতে চাচ্ছে। দীর্ঘদিন ধরে বেগম জিয়ার জন্মদিন ঘিরে রাজনৈতিক বিতর্ক থাকায় এবার তা এড়াতে চায় দলটি।