“জিয়াউর রহমানের সময়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ আবার ফিরছে, বললেন তথ্য উপদেষ্টা”

রাজনীতি
“জিয়াউর রহমানের সময়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ আবার ফিরছে, বললেন তথ্য উপদেষ্টা”
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কৃতির বিকাশে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতেই হবে।”

রোববার রাজধানীর একটি অনুষ্ঠানে শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, “নতুন কুঁড়ি শহীদ জিয়াউর রহমানের সময় শুরু হয়। এরপর একসময় রাজনৈতিক বিবেচনায় এটি বন্ধ করে দেওয়া হয়, যা অনাকাঙ্ক্ষিত। এখন আবার আমরা এটি ফিরিয়ে আনছি, সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “বিগত এক দশকের বেশি সময় ধরে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে একধরনের একচেটিয়াভাব চলেছে। দলীয় পৃষ্ঠপোষকতা ও পক্ষপাতমূলক মনোভাবের কারণে অনেক প্রতিভাবান শিশু-কিশোর প্রান্তিক পর্যায়ে অবহেলিত থেকেছে। নতুন কুঁড়ির মতো অনুষ্ঠান এই শূন্যতা পূরণ করবে।”

নতুন কুঁড়ির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, “পুরনো থিম সং ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ বহাল থাকবে, তবে প্রতিবছর একটি করে নতুন থিম সং যুক্ত করার পরিকল্পনাও আছে।”

অনুষ্ঠানে জানানো হয়, আগের মতোই গানের প্রতিভা, নৃত্য, আবৃত্তি, বক্তৃতা, অভিনয়, চিত্রাঙ্কন ও গল্প বলার মতো বিষয়গুলোতে প্রতিযোগিতা হবে এবং দেশব্যাপী রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক বাছাই শুরু হবে শিগগিরই।