আমরা ঘাট দখল করি, জামায়াত বিশ্ববিদ্যালয়-আদালত দখলে নেয়: বিএনপি নেতা আলতাফ হোসেন

রাজনীতি
আমরা ঘাট দখল করি, জামায়াত বিশ্ববিদ্যালয়-আদালত দখলে নেয়: বিএনপি নেতা আলতাফ হোসেন
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এমনকি উচ্চ আদালতের অনেক বিচারক জামায়াতপন্থী হলেও, বিএনপি নেতা-কর্মীদের একাংশ লঞ্চঘাট, ফেরিঘাট, বাসস্ট্যান্ড দখল নিয়েই ব্যস্ত। আমি কাউকে দোষারোপ করছি না, বরং বাস্তবতা তুলে ধরছি।”

গত শুক্রবার (১৫ আগস্ট) পটুয়াখালী জেলা শহরের নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “নেতৃত্ব মানেই ক্ষমতা নয়, এর সঙ্গে নৈতিকতা, আদর্শ ও যোগ্যতা জরুরি। যদি কোনো নেতা মনে করেন চাঁদাবাজি, দখলবাজি করাই তার প্রধান কাজ, তাহলে সে কখন নেতৃত্ব দেবে?”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ১৩ আগস্ট দুমকি উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই—সব চাঁদা দিয়ে বিএনপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্টের পর যারা দখল ও লুটপাটে লিপ্ত হয়েছে, তাদের নাম, ছবি ও তথ্য আমাদের কাছে রয়েছে। সময়মতো সেগুলো প্রকাশ করা হবে।”

তার এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে ‘সাহসী আত্মসমালোচনা’ বলে প্রশংসা করলেও, দলীয় একাংশ বিষয়টিকে দেখছে ‘আত্মঘাতী’ হিসেবে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, “জানাব আলতাফ হোসেন চৌধুরী এক-এগারোর সময়ও দলের বিরুদ্ধে কথা বলেছেন, এখনো একই পথে হাঁটছেন। ঘাট বা টার্মিনাল পরিচালনা আইনগতভাবে ইজারার মাধ্যমে হচ্ছে।”

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, “তিনি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন—তা পরিষ্কার নয়। তবে এমন বক্তব্যে তিনি সাধারণ মানুষের কাছে হাস্যরসের উপাদানে পরিণত হচ্ছেন।”