আ’লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের মধ্য দিয়েই দেশে স্থিতিশীলতা ফিরবে, আর বিএনপির নির্বাচনী প্রস্তুতির অন্যতম নিয়ামক হবে তারেক রহমানের প্রত্যাবর্তন।
রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন,
“দেশবিরোধী একটি গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের মোকাবেলায় নির্বাচনই হবে স্থিতিশীলতার মূল চাবিকাঠি।”
তিনি মনে করেন, একটি নির্বাচিত সংসদীয় সরকার গঠনের মাধ্যমেই জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন এবং সেটিই হবে নির্বাচনের টার্নিং পয়েন্ট।
“সেদিন বিএনপির অর্ধেক নির্বাচনী কাজ শেষ হয়ে যাবে। কারণ প্রচারণাই তো নির্বাচনের বড় অংশ।”
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন,
“আজকে দেখা গেলো, এক জায়গায় বলছে ‘জয়’, আবার দৌড়ে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’। এই হলো আওয়ামী লীগের অবস্থা।”
তিনি যোগ করেন, “যারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারাই গণতন্ত্র হত্যা করেছে।”
তিনি বলেন,
“২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এ সময় তিনি অভিযোগ করেন, “নির্বাচনকে বানচাল করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে।”
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ জানান,
“সব রাজনৈতিক দল জুলাই সনদের ঐকমত্য ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”


