প্যারিস খাল পরিষ্কারে নেমে পড়লেন বিএনপি নেতাকর্মীরা
রাজধানীর পল্লবী এলাকায় অবস্থিত প্যারিস খাল পরিষ্কার করতে এগিয়ে এলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে এবং নাগরিক সচেতনতা বাড়াতে এ উদ্যোগের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী আমিনুল হক।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।
পরিষ্কার অভিযানের উদ্বোধনকালে আমিনুল হক বলেন,
“কে কাজ করলো, আর কে করলো না—সেটা দেখার বিষয় নয়। আমি দেখবো আমি নিজে কতটা আন্তরিকভাবে কাজ করছি। কাজটাই আমার শান্তি।”
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে আমিনুল বলেন,
“একা কেউ দেশ বদলাতে পারে না, কিন্তু সদিচ্ছা থাকলে পরিবর্তনের সূত্রপাত করা যায়। আমি চাই আমার এলাকা যেন একটি পরিচ্ছন্ন, সচেতন ও সক্রিয় জনগোষ্ঠীর দৃষ্টান্ত হয়।”
খাল পরিষ্কারের মাধ্যমে শুধু জনসেবাই নয়, তৃণমূলে সম্পর্ক দৃঢ় করার সুযোগও তৈরি হয়েছে বলে মনে করছেন আমিনুল। তিনি বলেন,
“রাজনীতির মূল শক্তি জনগণের আস্থা। রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে, মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। আমরা সেই ধারার রাজনীতি করি।”
তিনি আরও জানান, প্যারিস খাল পরিষ্কার একটি ধারাবাহিক উদ্যোগের অংশ।
“এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চাই এই এলাকা পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত থাকুক। এলাকার জনগণ deserves better, এবং বিএনপি সে চেষ্টাই করে যাচ্ছে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পল্লবীর সাধারণ মানুষ। তাদের মতে, নির্বাচনের সময় নয়, বরং বাস্তব সমস্যার সমাধানে রাজনীতিবিদদের এমন অংশগ্রহণই তাদের প্রাপ্য। স্থানীয় একজন দোকানদার বলেন,
“যে নেতা আমাদের পাশে এসে হাতে খাল পরিষ্কার করতে পারেন, তাকেই তো ভোট দেওয়া যায়।”


